বৈদেশিক মুদ্রার বাজারে দেড় মাস বিরতির পর আবারও ডলার কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরও ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ গত দুই দিনে বাজার থেকে মোট ১২ কোটি ডলার সংগ্রহ করা হলো। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত আবারও ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলারের ঘর ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৫ কোটি ডলার কেনা হয়েছে। এর আগে সর্বশেষ গত ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয়েছিল; তখন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ....