
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে ড. জিয়াউদ্দিন হায়দার নিয়োগ পাওয়ায় ঝালকাঠিতে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের মদন মোহন আখড়া মন্দিরে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এতে আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, মন্দিরের পুরোহিত, সেবাইত, শিক্ষার্থীসহ সর্বস্তরের সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, সহ-সভাপতি দিলীপ সাহা, সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক সুশান্ত কুমার সোম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অমিত রায়, সৌরভ মণ্ডল, শাশ্বত রায় এবং মন্দির ভিত্তিক প্রকল্পের শিক্ষক অনিতা বিশ্বাস।
বিশেষ প্রার্থনা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতা প্রবীণ ব্যক্তি পরিতোষ দাস। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবনিযুক্ত স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন। স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ড. জিয়াউদ্দিন হায়দারের এ নিয়োগ দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।



