গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (WEF) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং ধনকুবের রিয়েল এস্টেট ব্যবসায়ী জ্যারেড কুশনার ‘নতুন গাজা’ নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। তার কল্পনায় ছিল চকচকে আকাশচুম্বী অট্টালিকা, সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র এবং একটি লজিস্টিক্যাল করিডর—যা নিরস্ত্রীকৃত গাজাকে বিশ্বের সঙ্গে যুক্ত করবে।
কিন্তু সেখান থেকে ৩,০০০ কিলোমিটার (১,৮৬৪ মাইল) দূরে গাজা উপত্যকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বোমাবিধ্বস্ত ধুসর সেই জনপদে একটি ইটও গাঁথা হয়নি। ফিলিস্তিনি এই ভূখণ্ডের বর্তমান বাস্তবতা নতুন কোনো ভবন দিয়ে মাপা হচ্ছে না, বরং মাপা হচ্ছে ধ্বংসস্তূপের ওজনে—যা প্রায় ৬ কোটি ১০ লাখ টন। অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর ‘যুদ্ধবিরতি’ হওয়ার পর ইসরায়েলি বিমান হামলা হয়তো কমেছে, কিন্তু হত্যাকাণ্ড থামেনি। এটি একটি নতুন ও নীরব যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ....