
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম এবং সম্ভাব্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনাও বিবেচনায় আনা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি কারিগরি সহযোগিতার একটি কাঠামো তৈরির বিষয়েও মতবিনিময় হয়েছে।
আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির রাষ্ট্রদূত হাসান আফজাল খান। এতে অংশ নেন পিএফএফের সভাপতি সৈয়দ মহসিন গিলানি ও তার দল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক বিবৃতিতে রাষ্ট্রদূত হাসান আফজাল খান বলেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করবে এবং পাকিস্তানের ফুটবলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রস্তাবিত প্রীতি ম্যাচটি চূড়ান্ত হলে তা সর্বশেষ ফিফা বিশ্বকাপের পর অনুষ্ঠিত হতে পারে, যেখানে লিওনেল মেসিদের মাঠে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে উভয় পক্ষ লজিস্টিক ও কারিগরি বিষয়গুলো নিয়ে আরও কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে।
সূত্রগুলো বলছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ আয়োজন বা কোনো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আগে আরও সমন্বয় ও চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন।
এমএকেই/আরটিএনএন



