
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড।
তবে এবার দৃশ্যপট বদলাচ্ছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি।
বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত আগের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে দলটি মাত্র একটি শট নিতে পেরেছিল, যা তাদের আক্রমণভাগের দুর্বলতা স্পষ্ট করে।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মাঠে শেষ ম্যাচে শুরু থেকেই মেসির উপস্থিতি দেখতে উদগ্রীব সমর্থকরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল করেছেন তিনি, পাশাপাশি ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন।
৩৮ বছর বয়সী লিওনেল মেসি এখনও নিশ্চিত করেননি, তিনি পরবর্তী ফুটবল বিশ্বকাপ খেলবে কি না। তবে স্কালোনি জানিয়েছেন, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে দলে রাখতে তিনি প্রস্তুত।
স্কালোনি বলেন, মেসি শুরু থেকেই খেলবেন। একই সঙ্গে হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেজ-কে কিছুটা বিশ্রাম দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হবে। তাঁর আশা, দল আবার সেই ছন্দে ফিরবে, যা সমর্থকেরা দেখতে চায়।
তিনি আরও বলেন, মেসি যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেন, তবে সেটি উপভোগ করার সুযোগ দেওয়া উচিত, কারণ এমন মুহূর্তগুলো বিশেষ।
আগামীকাল বাংলাদেশ সময় ভোরে জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আরবিএ/আরটিএনএন



