সন্ত্রাসী, জঙ্গল সলিমপুর
সংবাদ সম্মেলনে কথা বলছেন পুলিশ কর্মকর্তা।ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাটি পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে ৩ হাজারের বেশি সদস্যের বিশাল এক বাহিনী মাঠে নেমেছে।

সোমবার (৯ মার্চ) সকালে জঙ্গল সলিমপুরের অভিযানের বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ‘অভিযানটি বড় আকারের। বিভিন্ন বাহিনীর ৩ হাজারের বেশি সদস্য এখানে কাজ করছেন। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ অভিযান চলবে।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হবে, যেখানে বিভিন্ন বাহিনীর সদস্য অবস্থান করবেন। এর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম সম্পূর্ণভাবে প্রতিহত করার লক্ষ্য রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এলাকায় অপরাধী কার্যক্রম বন্ধে কাজ করছে। পুরো এলাকাটি ঘিরে অভিযান চলার পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।