
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আলাদা দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। এরপর র্যাবের একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
২৬ জানুয়ারি আরেক সন্দেহভাজন পলাতক আসামি মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
গেল ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এমআর/আরটিএনএন



