চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে । এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলো। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চু ওরফে কালু নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদস্য হত্যা মামলার ১৯ নম্বর আসামি সে।


‎পুলিশ  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ১নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।

‎ওসি মাহিনুল ইসলাম আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন।। মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ -২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ‎মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এর আগে,র‌্যাবের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ইউনুস আলী (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩১),মোহাম্মদ আরিফ হোসেন (৩১)। 

গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‌্যাব সদস্য মোতালেব নিহত  ও চারজন আহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এমআর/আরটিএনএন