বাংলাদেশ সিরিজকে অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড অধিনায়ক,
টম ল্যাথাম।ছবি: সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। নিয়মিত কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তবে এটিকে চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ হিসেবেই দেখছেন অধিনায়ক টম লাথাম।

আইপিএলে ব্যস্ত থাকায় এই সফরে নেই নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। একই কারণে দলে নেই অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। ফলে তরুণ ক্রিকেটারদের জন্য তৈরি হয়েছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

লাথাম বলেছেন, অনভিজ্ঞ দল হলেও এতে সুযোগ পাচ্ছে এমন অনেক ক্রিকেটার, যারা আগে নিয়মিত সুযোগ পাননি। তাঁর ভাষায়, ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের এটি দারুণ সুযোগ। বাংলাদেশে এবং উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলেও মনে করেন তিনি।

নিউজিল্যান্ড অধিনায়ক আরও বলেন, দল হিসেবে তাদের লক্ষ্য স্পষ্ট—সিরিজ জয়। তবে সেই লক্ষ্য অর্জনের পথে প্রতিটি ম্যাচ থেকেই শিখতে হবে। তাঁর মতে, সিরিজের শেষ দিকে নিজেদের ভালো অবস্থানে নিতে হলে শুরু থেকেই অভিজ্ঞতা সঞ্চয় জরুরি।

দলে তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও বাংলাদেশ সফরকে ইতিবাচকভাবেই দেখছেন লাথাম। তিনি মনে করেন, এই সিরিজ তরুণদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। পাশাপাশি দলের মধ্যে কন্ডিশন নিয়ে অভিজ্ঞতা বিনিময় করাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের নিয়ে দল সামলানো কতটা কঠিন—এমন প্রশ্নে লাথামের জবাব, বিষয়টি মোটেও কঠিন নয়। বরং নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার প্রতিটি সুযোগই তাঁর কাছে রোমাঞ্চকর। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক সূচির সমন্বয়ে এখন ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিতে হচ্ছে, যা ভবিষ্যতের জন্য দলের গভীরতা বাড়াতেও সহায়ক হবে বলে মনে করেন তিনি।