
দেশে ফিরেছে ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল। ব্যাংকক থেকে উড়াল দিয়ে দুপুর দুইটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বিমানবন্দরেই স্বর্ণজয়ী দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ফুলের মালা দিয়ে আর্চারদের বরণ করে নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মোখলেস উর রহমান, যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামন খাঁনসহ আর্চারি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
২১ থেকে ২৮ মার্চ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল প্রতিপক্ষকে হারায় ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে। বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। বেশি ভালো করেন হিমু বাছাড়। তাঁর গড় স্কোর ৯.৭৫।
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নেন আর্চার। দক্ষ আর্চার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা যায়নি। অন্য তিন বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি। গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের রিকার্ভের একক বিভাগে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। এবার শেষ ষোলো থেকেই বিদায় নেন তিনি।



