নির্বাচন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দলীয় এক বিজ্ঞাপ্তিতে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় তিনি এ ভাষণ প্রদান করবেন।

ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের অনুমতি চেয়ে দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদন নির্বাচন কমিশনে দাখিল করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা ভাষণে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের আশা প্রকাশ করেছে দলটি।