
প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের সালাম জানিয়ে জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেন, সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাড়ে ১০ টায় এক ফেসবুক পোষ্টে এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি আপনি আপনার ভোটাধিকার ইনশাআল্লাহ প্রয়োগ করবেন। দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য এদিন আপনি দুটি মূল্যবান ভোট প্রদান করবেন।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী, জনআকাঙ্ক্ষাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার পক্ষে। সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।
ড. শফিকুর রহমান বলেন, ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দিয়েছে—তার সংস্কারের জন্য গণভোট। সংস্কার ও পরিবর্তন চাইলে আপনি গণভোটে ‘হ্যাঁ’ বলুন।
রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই—২৪-এর জুলাই-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীক অবশ্যই আপনি বেছে নেবেন।
মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।



