নির্বাচন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণ এখনো চূড়ান্ত নয়। তবে মনোনয়ন প্রত্যাহারের সময় পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সমসাময়িক রাজনীতি ও নির্বাচনী ঐক্য নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। মনোনয়ন প্রত্যাহারের সময় এখনো বাকি আছে। এমনকি নির্বাচনের আগমুহূর্তেও অনেক কিছু হতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা, আসন বণ্টন কিংবা নতুন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী ঐক্যের কাঠামো নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়; বরং একটি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া। সে কারণেই এখানে আহ্বায়ক, সদস্য সচিব বা নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রাখা হয়নি।

৫ দফা দাবি ও আন্দোলন প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, এই দাবিগুলো বর্তমান বাস্তবতাকে সামনে রেখেই নির্ধারণ করা হয়েছিল এবং এর বাইরে কোনো অতিরিক্ত দাবি ছিল না। পাঁচ দফা দাবি আমরা বলেছি, অন্যরাও বলেছে। আমাদের কর্মসূচি ও অবস্থান সবার কাছেই পরিষ্কার বলেন জুবায়ের।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাওয়ার প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, বিষয়টি এখনো রাজনৈতিকভাবে চূড়ান্ত নয়। মনোনয়ন প্রত্যাহারের সময় পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে। ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে আবেগী বক্তব্য এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আবার আলোচনার সুযোগ তৈরি হতে পারে কি না, সেটিও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।