
এবারের নির্বাচন খুবই উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার হবে, কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো যে পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর অঞ্চলে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলো দেখেন, অন্যান্য নির্বাচনগুলো যে রকম সহিংসতা হতো এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করব, সামনেও হবে না। নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়।
অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সশস্ত্র বাহিনী ভোট কেন্দ্রে যেতে পারত না এবার আমাদের সিনিয়র সচিব ভাল ব্যবস্থা গ্রহণ করেছেন- প্রতিটি ভোট কেন্দ্রে তারা যেতে পারবে। এছাড়া নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয় তাহলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়।
এদিকে, ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি খুব ভাল রয়েছে বলে জানান। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারী নেই, সেখানে বাঁশ দিয়ে ব্যবস্থা করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ জেলায় দায়িত্বরত তিন বাহিনীর সকল অধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন।



