যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ঘিরে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে, যেখানে দুই দেশের মধ্যে বড় ধরনের অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের অপেক্ষায় তিনি অধীর আগ্রহে রয়েছেন। তার ভাষায়, এই বৈঠক থেকে উল্লেখযোগ্য অর্জন আসতে পারে এবং এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে।

অন্য একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি খুলে যাওয়ার বিষয়টি বা দ্রুত খুলে যাওয়ার সম্ভাবনা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘খুব খুশি’। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়।

এদিকে এ কূটনৈতিক আলোচনা এমন এক সময় সামনে এসেছে, যখন রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কিছু ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, একাধিক আন্তর্জাতিক ইস্যু বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক উত্তেজনা একসঙ্গে যুক্ত হয়ে এই বৈঠককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি