
সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে পাম সানডে উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পোপ লিও চতুর্দশ এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, সৃষ্টিকর্তা যুদ্ধকে সমর্থন করেন। মার্কিন-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানো এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের প্রেক্ষাপটে, পোপ লিও তার পাম সানডে-র ভাষণে বলেন, সৃষ্টিকর্তা সহিংসতাকে প্রত্যাখ্যান করেন এবং নিপীড়িতদের পাশে থাকেন ও তাদের সান্ত্বনা দেন।
তিনি বলেন, “শান্তির রাজা যিশু যুদ্ধকে প্রত্যাখ্যান করেন এবং যুদ্ধকে বৈধতা দেওয়ার জন্য কেউই তাঁর নাম ব্যবহার করতে পারে না।” তিনি আরও বলেন, “যারা যুদ্ধ শুরু করে, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনা শোনেন না, বরং তাদের প্রত্যাখ্যান করেন।”
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সব পক্ষের নেতারাই তাদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে ধর্মকে ব্যবহার করেছেন। মার্কিন কর্মকর্তারা, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথ, তাদের খ্রিস্টীয় বিশ্বাসকে সামনে এনে এই যুদ্ধকে এমনভাবে চিত্রিত করেছেন, যেখানে একটি খ্রিস্টান জাতি সামরিক শক্তি দিয়ে তার শত্রুদের পরাজিত করার চেষ্টা করছে। একইভাবে, রাশিয়ার অর্থোডক্স চার্চও ইউক্রেন আক্রমণকে একটি ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, পশ্চিমা বিশ্ব শয়তানের কবলে পড়েছে এবং এই যুদ্ধ সেই অপশক্তির বিরুদ্ধে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



