
বাজারে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা এক মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে ক্যাব এর সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা।
মানববন্ধনে বক্তারা গাংনীতে খোলা ভোজ্য তেল বিক্রির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়াকে ভোক্তার সঙ্গে প্রহসন আখ্যা দিয়েছেন। তারা বলেন, খোলা তেল বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা সয়লাব হয়ে আছে। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেলের সরবরাহ সীমিত রেখে খোলা তেল বিক্রি করছে, ফলে ভোক্তাদের বাড়তি দাম গুনতে হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তারা।
বক্তারা অবিলম্বে বাজারে বোতলজাত ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং খোলা তেল বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এদিকে, ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পঞ্চগড় জেলা শাখা। বুধবার দুপুরে পঞ্চগড় শহীদ মিনারের সামনে পঞ্চগড় -ঢাকা মহাসড়কের ধারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে সংগঠনটি ৫টি দাবি তুলে ধরে। সমাবেশে জেলা ক্যাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দীন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী ও ক্যাবের সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।



