
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খারুয়া বড়াইল গ্রামের শামছুল ইসলামের ছেলে সাকিব মিয়া (১২) এবং রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আব্দুল জব্বার (৬৫)। সাকিব স্থানীয় খারুয়া বড়াইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত ব্যক্তি শামসুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শামসুল ইসলামের বাড়িতে একটি টিনশেড ঘরের বেড়া নির্মাণকাজ চলছিল। এ সময় সাকিব ও তাঁর ফুফা আব্দুল জব্বার কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত টিনের বেড়া বিদ্যুতের লাইনে লেগে তার ছিঁড়ে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় সাকিব ও আব্দুল জব্বারকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
খারুয়া বড়াইল উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাওহীদ আনোয়ার রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



