
দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট, অপচেষ্টা প্রতিরোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা রক্ষার জন্য ৯টি জেলায় ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির কারণে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এসব অপচেষ্টা প্রতিরোধ, তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।"
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে ডিপো নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এই মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। বিজিবি সদস্যরা নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ডিপোতে, যেগুলি নিম্নরূপ: ঢাকা: ১টি, কুড়িগ্রাম: ২টি, রংপুর: ৩টি, রাজশাহী: ৩টি, সিলেট: ২টি, মৌলভীবাজার: ৩টি, কুমিল্লা: ৩টি, ব্রাহ্মণবাড়িয়া: ১টি এবং সুনামগঞ্জ এ ১টি
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন করছেন। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধের জন্য বিজিবি অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
বিজিবির দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে জনমনে আস্থা বৃদ্ধি ও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করা হচ্ছে।
এমআর/আরটিএনএন



