
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিজিবিকে সকল ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের মাত্র ৪৫ দিন বাকি, তাই প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ জরুরি।
সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকে উৎসবমুখর করার বড় দায়িত্ব বিজিবির। আপনারা এটি সঠিকভাবে পালন করবেন এবং জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।”
তিনি বিজিবির দীর্ঘ ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের গৌরবময় ভূমিকার প্রশংসা করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক বা অবৈধ পণ্যের প্রবেশ ও পাচার যেন না হয়, সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। চোরাকারবারি বা মাদকসহ কোনো কর্মকর্তার অনৈতিক কার্যক্রম থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বিজিবিকে ‘চেইন অব কমান্ড’-এর প্রতি আনুগত্য বজায় রেখে সীমান্ত রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদতবরণ করায় ২০ ডিসেম্বর বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয় এবং ২৯ ডিসেম্বর এটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।



