
মেহেরপুর সদর উপজেলায় স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফ (৪৫) নামের এক কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক আব্দুর রউফ মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার মৃত সরাফত আলীর ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যমন্ত্রীর নিকটাত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে ভীতি সৃষ্টি করে আসছিলেন।
অফিস সূত্রে জানা গেছে, রমজান মাসের শুরু থেকেই তিনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনের কাছে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
রোববার সকালে আব্দুর রউফ অফিসে এসে সরাসরি দাবিকৃত টাকা চাইলে কার্যালয়ের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরিসংখ্যানবিদ আকরাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে চাঁদার দাবির কারণে তারা মানসিক চাপের মধ্যে ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিসের স্টাফদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পরপরই সদর থানার পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ হুমায়ুন কবীর জানান, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



