
রাজধানীর মোহামম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিএনপির কর্মসূচি কাভার করতে গিয়ে আরটিএনএন–এর সাংবাদিক মো. কামাল হোসেন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) বিকেল আনুমানিক চারটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর কর্মসূচির সংবাদ সংগ্রহে সেখানে যান আরটিএনএন–এর সিনিয়র রিপোর্টার কামাল হোসেন। এ সময় চন্দ্রিমা মডেল টাউনের ৭ নম্বর সড়কের ১১/এ ও ১৩ নং বাড়িগুলোর সামনে পৌঁছালে হঠাৎ শক্ত কোনো বস্তুর আঘাতে তিনি রক্তাক্ত হন।
এ সময় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে কে বা কারা ওই আঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আহত বিএনপি বিটের সাংবাদিক কামাল হোসেন বলেন, ২ মার্চ বিকেল চারটায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর ভাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইউসুফের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গেলে আমি সেই সংবাদ সংগ্রহের জন্য রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের বি ব্লকের ৭ নম্বর সড়কে যাওয়ার পথে চন্দ্রিমা মডেল টাউনের এ ব্লকের ১১/এ ও ১৩ নাম্বার বাড়ির সামনে পৌঁছানো মাত্রই হঠাৎ করে অজ্ঞাত কোন ব্যক্তি শক্ত কোন বস্তু নিক্ষেপ করলে আমি আহত ও রক্তাক্ত হই। পরে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।



