
সত্য।
অসত্যের বিপরীত শব্দ নয় শুধু,
স্বীকৃত-অস্বীকৃত বাস্তবতার সমার্থক।
অসমর্থনে অবিনড়ি, একচিত্তে প্রতীয়মান;
সত্য।
রাজা চেনে না, প্রজাও চেনে না,
সবার জন্য সে সত্য।
আমার জন্যে সত্য বিনা মুহূর্তের কড়াঘাত,
প্রতিনিয়ত আঘাত।
সফলতার পিপাসা আমার নেই—
তেমনটি নয়।
কিন্তু ব্যর্থতার স্বাদ এত তীব্র,
এত ক্ষারক-মুখর,
সফলতার সংজ্ঞা ভুলে গেছি।
জীবনের ফিরিস্তি লিখতে ভয় হয়।
আমার নাম মানুষ।
সফলতা—শূন্য।
বিলক্ষণ ব্যর্থ আমি।
অযাচিত মনসা।
চিত্ত বিবশ।
পায়ে জড়তা,
আসামির মতো ভারী শৃঙ্খলিত পা
হেঁচড়িয়ে সাঁতরেছি মার্গে।
এখন শুধু সামনে দেখি মর্গ।
ডুবন্ত বাঁচতে চাওয়া জীবন আমি।
স্পর্শকাতর মৃত্যু আমি।
আমার নৈকট্য আত্মাহুতি।
— নিলয়



