
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের অন্যতম নায়ক তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড়ে পাকিস্তানি ব্যাটারদের পরাস্ত করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স এবং দলের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই পেসার।
নাহিদ বলেন, আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ উইকেট ধরেন আজকে ভালো, কালকে খারাপ। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক, উইকেটটা নিজে বোঝা উচিত এবং উইকেট যেটা চায় সেই অনুযায়ী বোলিং করা উচিত।
সিনিয়রদের থেকে পরামর্শ পাওয়া নিয়ে তিনি বলেন, অধিনায়কের পরিকল্পনা ছিল, শান্ত ভাইয়েরও পরিকল্পনা ছিল কারণ তারা অনেক দিন থেকে ওয়ানডে ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক অভিজ্ঞতা। আমার যখনই মাঠের মধ্যে সাহায্য লাগে আমি তাদের কাছ থেকে নিই এবং মুস্তাফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তাদের কাছে সবসময় একটা সাহায্য পাই এবং এই জিনিসটা আমাকে অনেক চাপমুক্ত করে।
ভালো মানের উইকেটে খেলা নিয়ে এই পেসার বলেন, ভালো মানের উইকেট থাকলে ব্যাটার এবং বোলার-সবারই দক্ষতা বাড়ে। এখন সারা বিশ্বেই স্পোর্টিং উইকেট বা সমান সুযোগের উইকেট থাকে। দেশে এমন উইকেট পেলে বিদেশে গিয়ে মনে হবে না যে এমন উইকেটে আগে খেলিনি।
তিনি আরও জানান, আজ হয়তো পাকিস্তানের দিনটি খারাপ গেছে। একজন খেলোয়াড় হিসেবে আমি কোনো দলকেই ছোট করে দেখি না। ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারে। পরবর্তী ম্যাচে তারা হয়তো তাদের দক্ষতা দিয়ে ভুলগুলো শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে। আমরাও চেষ্টা করব আমাদের ভালো খেলার ধারাটা দীর্ঘসময় বজায় রাখতে।



