
১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার দলটির একটি ছোট অংশীদারত্ব কিনেছেন, যার আর্থিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা)।
গত ১২ মার্চ টুর্নামেন্টটির ২০২৬ মৌসুমের নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। টি-টোয়েন্টি স্বীকৃত এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। ফলে প্রথমবারেই বেলিংহামের ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের নতুন আসর।
বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিকানাধীন মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল গত বছর বার্মিংহাম ফিনিক্সের ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল। এর মাধ্যমে তারা স্বাগতিক কাউন্টি ওয়ারউইকশায়ারের সঙ্গে দলটির সহমালিক হয়। বুধবার (২২ এপ্রিল) ওয়ারউইকশায়ারের এক বিবৃতিতে জানানো হয়, বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহাম এই দুই পক্ষের কাছ থেকেই সামান্য অংশীদারত্ব কিনেছেন।
জানা গেছে, বেলিংহাম ফ্র্যাঞ্চাইজিটির ১ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন, যার অর্ধেক এসেছে ওয়ারউইকশায়ার এবং বাকি অর্ধেক নাইটহেড ক্যাপিটালের কাছ থেকে। ফলে ৫০ দশমিক ৪ শতাংশ শেয়ার নিয়ে ওয়ারউইকশায়ার সংখ্যাগরিষ্ঠ মালিকানা ধরে রেখেছে, আর নাইটহেড ক্যাপিটালের মালিকানা এখন ৪৮ দশমিক ৪ শতাংশ।
ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে ফ্র্যাঞ্চাইজিটিতে তাদের ৫১ শতাংশ মালিকানার ন্যায্যমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। সেই হিসেবে বেলিংহামের কেনা অংশীদারত্বের মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।
বেলিংহামের ক্যারিয়ার শুরু বার্মিংহাম সিটির একাডেমিতে। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল দলে অভিষেক হয় তার। এরপর প্রায় ২ কোটি ২৭ লাখ পাউন্ডে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন। ২০২৩ সালে ৮ কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে নাম লেখান রিয়াল মাদ্রিদে।
স্টোরব্রিজে জন্ম নেওয়া বেলিংহাম ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী। কৈশোরে হ্যাগলি ক্রিকেট ক্লাবে জুনিয়র ক্রিকেটও খেলেছেন তিনি। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে পেশা অদলবদল করতেও আপত্তি নেই তার।
বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগের পর এক বিবৃতিতে বেলিংহাম বলেন, “আমি বার্মিংহামকে ভালোবাসি। শহরটি আমার জন্য যা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটও খুব পছন্দ করি। তাই সুযোগ পেয়ে যুক্ত হয়েছি। এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”তিনি আরও বলেন, শিশুদের খেলাধুলায় উৎসাহিত করা জরুরি। ভিন্ন ভিন্ন খেলায় সুযোগ তৈরি হলে তরুণদের জন্য নতুন পথ খুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছরের ‘লক-ইন পিরিয়ড’ নির্ধারণ করলেও বেলিংহামের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
উল্লেখ্য, দ্য হানড্রেডের আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে বার্মিংহাম ফিনিক্স এখনো কোনো শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে পুরুষ ও নারী—দুই দলই নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়। আসন্ন মৌসুমে পুরুষ দলকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল এবং নারী দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার এলিস পেরি।



