
আড়াই বছর বিরতির পর মঙ্গলবার (২১ এপ্রিল) আবার শুরু হয়েছে লাল বলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফিরেই প্রথম দিনেই বড় এক মাইলফলক ছুঁয়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করেছেন ২৬ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার, যিনি একসময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ।
তবে প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় দলে নিয়মিত জায়গা করে নেওয়ার লড়াইয়ে বারবার পিছিয়ে পড়তে হয়েছে নাঈমকে। এ কারণেই তাকে ‘দুর্ভাগা’ হিসেবে দেখছেন কোচ রাজিন সালেহ। সাবেক এই জাতীয় অধিনায়কের মতে, প্রতিদ্বন্দ্বিতায় মেহেদী হাসান মিরাজ এগিয়ে থাকায় এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলেছেন নাঈম।
সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপে রাজিন বলেন, 'আমি বলব, নাঈম দুর্ভাগা। সে অবশ্যই ভালো বোলার। তবে তার সমমানের আরেকজন আছে, তাকেও বিবেচনায় রাখতে হয়। মিরাজও ভালো এবং পরীক্ষিত। ওই জায়গাতেই নাঈম কিছুটা পিছিয়ে, তাই সুযোগ কম পাচ্ছে। তবে সামনে সুযোগ এলে সে অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবে।'
সামনে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর রয়েছে অস্ট্রেলিয়া সফর। এই প্রেক্ষাপটে চলমান বিসিএলকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন পূর্বাঞ্চলের কোচ রাজিন, 'অবশ্যই এটা ভালো প্রস্তুতি। সামনে টেস্ট আছে, মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই টুর্নামেন্ট দিয়েই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।'
এদিকে তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদ-এর প্রশংসাও করেছেন রাজিন। তিনি বলেন, 'তোফায়েলকে আমরা ভবিষ্যতের ভালো অলরাউন্ডার হিসেবে দেখি। তাকে সুযোগ দেওয়া উচিত। বিসিএল বা এনসিএল—সব জায়গাতেই সে ধারাবাহিক পারফর্ম করছে। আশা করি, সামনে আরও ভালো করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে ভালো সার্ভিস দেবে।'



