বাংলাদেশের নারী ফুটবল দল।
বাংলাদেশের নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবল দল ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে রয়েছে।

চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে অভিষেক হয় লাল-সবুজের মেয়েদের। ‘বি’ গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও কোনো ম্যাচ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ১১ গোল হজম করলেও একটি গোলও করতে পারেনি তারা।

তবে পারফরম্যান্সের প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে। আগের চেয়ে ৪.৮৭ পয়েন্ট কমে বাংলাদেশের বর্তমান রেটিং দাঁড়িয়েছে ১১৬৫.৫৭। তা সত্ত্বেও র‌্যাঙ্কিং অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

আজকের হালনাগাদে সবচেয়ে বেশি এগিয়েছে আমেরিকান সামোয়া, তারা ১৭ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১২০ নম্বরে। অন্যদিকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের, বর্তমানে তারা রয়েছে ১৩৯ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন নেই। বরাবরের মতোই এক নম্বরে আছে স্পেন। তাদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ২০৮৩.০৯। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, তাদের রেটিং ২০৫৪.৬৫।