ইউরোপের টি-টোয়েন্টি লিগে দল কিনলেন ক্রিস গেইল
ক্রিস গেইল।ছবি: সংগৃহীত

একসময় টি-টোয়েন্টি তে বিশ্ব-ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন ক্রিস গেইল  এবার নতুন ভূমিকায়।
 
বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট দেখানো এই ক্যারিবীয় ব্যাটার এবার ইউরোপের একটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন।

গ্লাসগোভিত্তিক একটি দলের সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন গেইল। দলটি অংশ নেবে আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে, যা শুরু হওয়ার কথা এ গ্রীষ্মে।

ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দলটি কিনেছেন গেইল। নতুন দলের নাম রাখা হয়েছে ‘গ্লাসগো মুগাফিয়ান্স’। এর আগে এই দলটি কেনার কথা ছিল রাহুল দ্রাবিদ ও  রবিচন্দ্রন  অশ্বিন –এর নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠীর। তবে তারা এখন ডাবলিনভিত্তিক একটি দলের দিকে আগ্রহ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব নিয়ে গেইল বলেছেন, এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হওয়া তাঁর জন্য ‘নতুন ও রোমাঞ্চকর অধ্যায়’। ইউরোপকে ক্রিকেটের ‘শেষ সীমান্ত’ উল্লেখ করে তিনি বলেন, এই লিগ স্থানীয় প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হবে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনবরো শহরভিত্তিক।

৪৬ বছর বয়সী গেইল ১৯৯৯ থেকে ২০২১ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে এবং ৭৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় মুখ।

আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।