
বাংলাদেশের নারী বক্সিংয়ে নতুন ইতিহাস গড়লেন সানজিদা জান্নাত। শনিবার (১৮ এপ্রিল) রাতে তিনি মিনিমাম ওয়েট বিভাগে থাইল্যান্ডের প্রতিযোগী পর্ণ পিমনকে হারিয়েছেন। জিতেছেন ডব্লিউবিসি এশিয়ান কনটিনেন্টাল শিরোপা। আট রাউন্ডের লড়াইয়ে দৃঢ়তা ও কৌশলে প্রতিপক্ষকে পরাজিত করেন সানজিদা।
জানা যায়, সানজিদা বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৭তম এবং এশিয়ায় সপ্তম স্থানে রয়েছেন। প্রত্যাশার আগেই এই শিরোপা জিতে নেওয়াকে তিনি দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন।
এই জয় শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বাংলাদেশের নারী বক্সিংয়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে তার এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সানজিদার এই সাফল্য আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের বক্সিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতিকেও আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ‘ফাইট নাইট’। দেশ-বিদেশের তারকা ফাইটারদের অংশগ্রহণে আয়োজিত এই আসরটি দর্শকদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।
তিনটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের ২৪ জন ফাইটার অংশ নেন। ১২টি বাউটের প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা।
প্রথম বাউটে বাংলাদেশের ইয়াহসান হাসিন আজিজুল সরকারকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতেন। দ্বিতীয় বাউটে সিঙ্গাপুরের নিক চুয়া পরাজিত করেন বাংলাদেশের আজিদ বেবিকে। তৃতীয় বাউটে সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি জয় পান বাংলাদেশের আব্দুল হামিদ নূরের বিপক্ষে।
চতুর্থ বাউটে বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা জয়ী হন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। পঞ্চম বাউটে বাংলাদেশের হোসাইন আহমেদ হারান থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলাকে। ষষ্ঠ বাউটে থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুম জয়ী হন ফিলিপাইনের মার্ক জোসেফ অ্যাব্রিলোর বিপক্ষে।
সপ্তম বাউটে বাংলাদেশের ইসার কবির জয় পান রোনাল্ড হালদারের বিপক্ষে। অষ্টম বাউটে গাজ্জালী বেনজাদিদ জিদান হারান কাজী জারিফকে। নবম বাউটে মাসাদুল রেজা অমিও জয়ী হন কালেব চাকের বিপক্ষে।
দশম বাউটে মনজুর আলম পরাজিত করেন ফিলিপাইনের জন ইজেকিয়েল পাগালাঙ্গানকে। একাদশ বাউটে নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত জয় পান থাইল্যান্ডের পর্ণ পিমন পংপেওর বিপক্ষে। শেষ বাউটে মোহাম্মদ রাশেদ থাইল্যান্ডের সিংথং সর সিঙইউকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট জেতেন।



