
সময়ের সেরা ছন্দে নেই পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে তার ব্যাটে নেই প্রত্যাশিত রান, দল রাওয়ালপিন্ডিজও হেরেছে টানা সাত ম্যাচ। এতে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নিতে হয়েছে দলটিকে।
সর্বশেষ ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে রিজওয়ানের টি–টোয়েন্টি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। সেখানে নিজের ফর্ম নিয়ে খোলামেলা কথা বলেন এই ৩৩ বছর বয়সী ব্যাটার।
চলতি পিএসএলে ৭ ম্যাচে রিজওয়ানের সংগ্রহ মাত্র ১০৭ রান। গড় ১৫.২৮, সর্বোচ্চ ৪১। ওপেনার হিসেবে তার কাছ থেকে যে পারফরম্যান্স প্রত্যাশিত, তা পূরণ করতে পারেননি—পরিসংখ্যানই তার প্রমাণ। অথচ এই আসরটিই ছিল তার জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার বড় মঞ্চ।
প্রায় দেড় বছর ধরে জাতীয় টি–টোয়েন্টি দলে নেই রিজওয়ান। সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এর মধ্যে বিগ ব্যাশ লিগেও ছিলেন নিষ্প্রভ, ১০ ম্যাচে করেছেন ১৮৭ রান।
সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, ‘বিগ ব্যাশে খেলার সময় দল নির্বাচনের আগে আমি স্পষ্ট করে বলেছিলাম, পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। অথচ একসময় আপনারাই বলেছিলেন, আমি নাকি ছক্কা মারতে পারি না।’
তবে খারাপ সময়ের মধ্যেও আশা হারাতে চান না তিনি। রিজওয়ানের ভাষায়, ‘আমরা মানুষ। আমি স্বীকার করছি, আমার পারফরম্যান্স ভালো নয়, ভুল করেছি। কিন্তু তাই বলে মনোবল হারিয়ে বসে থাকব না।’
পাকিস্তানের হয়ে ১০৬টি টি–টোয়েন্টিতে ১২৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ক্রিকেটার আরও বলেন, ‘যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, আমি সুযোগ পাব। আর যদি না থাকে, তাহলে আগেও অধিনায়কদের বলেছি—আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হোক।’
ফর্মহীনতার এই সময়ে আত্মসমালোচনাই রিজওয়ানের প্রধান ভরসা। এখন দেখার, ঘুরে দাঁড়িয়ে আবারও দলে জায়গা করে নিতে পারেন কি না তিনি।



