
২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে নেমে ৭টি চারে ৬৬ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু এরপর থেকেই বড় ইনিংস যেন হারিয়ে গেছে তার ব্যাট থেকে। গত আড়াই বছরে আর কোনো ফিফটির দেখা পাননি তিনি।
ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ আসছে সোমবার। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি লিটনের জন্য বিশেষ এক উপলক্ষ—এটি তার ক্যারিয়ারের শততম ওয়ানডে। মাইলফলকের ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশায় থাকবে বাংলাদেশ দল।
তবে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান লিটনের পক্ষে কথা বলছে না। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ইনিংসের পর ১৮টি ম্যাচ খেলেও কোনো ফিফটি নেই তার। এই সময়ে ১৮.৪৩ গড়ে করেছেন ২৯৫ রান। এর মধ্যে ৯ ইনিংসে দুই অঙ্ক ছুঁতেও পারেননি তিনি।
তবু সম্প্রতি কয়েক ম্যাচে রানে ফেরার ইঙ্গিত মিলেছে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে করেন ৪১ ও ৪১ রান। এরপর কিউইদের বিপক্ষেও একটি ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
টানা তিন ম্যাচে চল্লিশের ঘর ছুঁলেও ইনিংস বড় করতে পারেননি লিটন। তবে শততম ওয়ানডের মঞ্চে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে তার সামনে। ৩১ বছর বয়সী এই ব্যাটার নিশ্চয়ই চাইবেন মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৩০.৩৩ গড়ে ও ৮৫.৭৬ স্ট্রাইক রেটে ২,৭০০ রান করেছেন লিটন। তার ক্যারিয়ারে রয়েছে ১২টি ফিফটি ও ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অন্তত ৯৮টি ইনিংস খেলেছেন এমন ১০ ব্যাটারের মধ্যে লিটনের চেয়ে বেশি রান আছে কেবল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। তামিম করেছেন ২,৮৯৬ রান, আর সাকিবের সংগ্রহ ২,৮৩৪।



