
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রাশিদ খান বাবা হয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ব্যস্ত সূচির মাঝেই এই সুখবর পেলেন তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পরই পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানান এই লেগ স্পিনার।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সন্তানের জন্মের খবর জানান রশিদ। গত শুক্রবার তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে ‘আসলান’। তুর্কি ভাষায় ‘আসলান’ শব্দের অর্থ সিংহ। একটি ছবি পোস্ট করে নবজাতকের পক্ষ থেকে তিনি লেখেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ নিজের পক্ষ থেকে রশিদ লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’ স্ত্রী ও সন্তানের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
স্ত্রী সন্তানসম্ভবা থাকা সত্ত্বেও পেশাদারিত্বে ছাড় দেননি রশিদ। চলমান আইপিএলে গুজরাট টাইটাইন্সের হয়ে নিয়মিত খেলছেন তিনি। সন্তানের জন্মের সময়ও ব্যস্ত ছিলেন মাঠের লড়াইয়ে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রশিদ। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৭০ রান। ব্যাট হাতে দুটি ম্যাচে ২৪ রান করেছেন তিনি; সর্বোচ্চ ইনিংসটিও ২৪ রানের।
এমএকেই/আরটিএনএন



