বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ট্রেভর ইসলাম।
বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ট্রেভর ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন এক সম্ভাবনার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম দেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন । এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক ফুটবল প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের বরাতে জানা গেছে-ট্রেভর ইসলামের পাসপোর্ট প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো থেকেই তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য বিবেচনায় আসতে পারেন।

ফরোয়ার্ড পজিশনে খেলা এই তরুণ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর মধ্যেই নিজেকে গড়ে তুলেছেন। পারিবারিক সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা রয়েছে তার। এর আগে তিনিও বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। জাতীয় দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে নতুন স্ট্রাইকারের খোঁজে থাকা টিম ম্যানেজমেন্টের জন্য ট্রেভর ইসলাম হতে পারেন একটি সম্ভাবনাময় সংযোজন।

তবে এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ফলে সব প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৬ সালেই বাংলাদেশের জার্সিতে নতুন এই প্রবাসী ফুটবলারের অভিষেক দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশা।