
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই মাশরুর হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে গঠন করা হয়েছে একটি অ্যাডহক কমিটি। নতুন এই কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই বোর্ডে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
বর্তমানে মাশরুর হোসেন বিসিবির লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটির প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে।
নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে। কমিটির নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এই কমিটির সদস্যদের মধ্যে রাজনৈতিক পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন। তাঁদের মধ্যে আছেন—মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে), ইসরাফিল খসরু (অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরুর ছেলে) এবং রাশনা ইমাম (প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী)।
এর আগে বিসিবির সভাপতির পদে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ২১ আগস্ট তাঁর পদত্যাগের পর থেকে নেতৃত্বে একাধিক পরিবর্তন দেখা গেছে। ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের পর বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল।



