অধিনায়কদের জন্য তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’, খেলা, ক্রিকেট, ক্যাপ্টেন্স কার্ড, তামিম ইকবাল, বিসিবি,
তামিম ইকবাল।ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে এই আয়োজনটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।

অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। জানা গেছে, সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানাতে তিনি নিজেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগে দেশের এক সাবেক অধিনায়ককে তামিম ইকবাল ফোনে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে বোর্ডের পক্ষ থেকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী—উভয় বিভাগের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সংস্করণের ‘ক্যাপ্টেনস কার্ড’। যদিও কার্ডটির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি একটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে বলে জানা গেছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন।

এখন পর্যন্ত সাবেক অধিনায়কদের জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এবার সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে তাদের জন্য স্থায়ী স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের ক্রিকেটে তাদের অবদানকে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে বোর্ড।

এই উদ্যোগের আওতায় থাকছেন এমন সব ক্রিকেটার, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে ভিন্ন সময়ের অধিনায়কেরা একই মঞ্চে আসার সুযোগ পাচ্ছেন।

এছাড়া, পঞ্চাশোর্ধ্ব সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বোর্ড।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, পুরো আয়োজনের পরিকল্পনায় সভাপতির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। প্রাথমিক যোগাযোগ থেকে শুরু করে আনুষ্ঠানিক আমন্ত্রণ—সবকিছুতেই সক্রিয় ভূমিকা রেখেছেন তামিম ইকবাল।