নেইমারকে দলে রাখা হবে কি না-এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরামর্শ চেয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি।
নেইমারকে দলে রাখা হবে কি না-এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরামর্শ চেয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি।ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলে নেইমারের অনুপস্থিতি এখন আর শুধু মাঠের আলোচনায় সীমাবদ্ধ নেই; বিষয়টি পৌঁছে গেছে দেশটির সর্বোচ্চ পর্যায়েও। নেইমারকে দলে রাখা হবে কি না-এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-এর পরামর্শ চেয়েছেন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবর থেকে চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এ নিয়েই ব্রাজিলজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল ঐতিহ্যগতভাবেই তারকা খেলোয়াড়ে ভরপুর। পেলে, রোমারিও কিংবা রোনালদো-এমন কিংবদন্তিদের উত্তরসূরি হিসেবেই গত এক দশকের বেশি সময় ধরে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন নেইমার। তবে হাঁটুর গুরুতর চোট তাকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে রেখেছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও দলে রাখা হয়নি তাকে। এতে সমর্থকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে হয়তো তাকে দলে নাও নিতে পারেন আনচেলত্তি। যদিও ক্লাব সান্তোস-এর হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমন পরিস্থিতিতে ‘ব্রাজিল ২৪৭’ (একটি ওয়েবসাইট) কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন — আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’
লুলা আরও বলেন, নেইমার যদি শতভাগ ফিট থাকেন এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে পারেন, তবেই তার দলে ফেরার সুযোগ থাকা উচিত। ‘শুধু নামের কারণে কাউকে দলে নেওয়া উচিত নয়,’ যোগ করেন তিনি।
প্রেসিডেন্টের ভাষায়, ‘আমি আনচেলত্তিকে বলেছি-সে যদি ফিট থাকে, তাহলে তার খেলার সামর্থ্য আছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই মনেপ্রাণে ফিরতে চায়?’পাশাপাশি তিনি নেইমারকে উদাহরণ হিসেবে দেখতে বলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি-এর দিকে। লুলার মতে, ‘তারা যেভাবে নিজেদের ধরে রেখেছে, নেইমারও চাইলে তা পারবে। তার বয়স এখনও খুব বেশি নয়।’

এদিকে জাতীয় দলে ফেরার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেছেন তিনি, যদিও ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।
আগামী ১৮ মে ব্রাজিল জাতীয় দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে। সেখানে জায়গা পেতে হলে নিয়মিত পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসও প্রমাণ করতে হবে নেইমারকে।