২৪ থেকে ৩২ দল, বাড়ছে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের পরিসর
২৪ থেকে ৩২ দল, বাড়ছে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের পরিসর। ছবি: সংগৃহীত

বিস্তৃত হচ্ছে এশিয়ার ক্লাব ফুটবলের আসর এএফসি চ্যাম্পিয়নস লিগ। বর্তমানে ২৪ দলের এই প্রতিযোগিতা আগামী মৌসুম থেকে ৩২ দল নিয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার প্রস্তাব দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি এই ঘোষণা দিয়েছে।

এএফসি জানিয়েছে, ফুটবলে অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিযোগিতার মান উন্নত করতেই এ পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর নতুন কাঠামো কার্যকর হবে ২০২৬-২৭ মৌসুম থেকে।

বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক ভিত্তিতে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’—এই দুই অঞ্চলে বিভক্ত। নতুন কাঠামোতেও এই বিভাজন থাকছে। তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।

নতুন ফরম্যাট অনুযায়ী, দুই অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। আর ৭ থেকে ১০ নম্বরে থাকা দলগুলো খেলবে নতুন চালু হওয়া ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখান থেকে জয়ী দলগুলো পূরণ করবে শেষ ষোলোর বাকি স্থান।

২০২৪-২৫ মৌসুম থেকে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট। বর্তমানে এই মৌসুমের শেষ ষোলো পর্বের খেলা চলছে জেদ্দার বিভিন্ন ভেন্যুতে। একই শহরে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও।

ইফাজ/এসএস/আরটিএনএন