ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২–১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২–১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।ছবি: সংগৃহীত

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২–১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ৫ ও ২৯ মিনিটে নোয়াহ ওকাফোরের জোড়া গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৬৯ মিনিটে কাসেমিরোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে লিসান্দ্রো মার্তিনেজের লাল কার্ড। ৫৬ মিনিটে ডমিনিক কালভার্ট–লেউইনের সঙ্গে সংঘর্ষের সময় প্রতিপক্ষের চুল টেনে ধরার অভিযোগে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি পল টিয়ার্নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে পিচসাইড মনিটর দেখে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এটিকে তার দেখা সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলোর একটি বলে মন্তব্য করেন। তার দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত আক্রমণ ছিল না এবং পরিস্থিতি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ক্যারিক বলেন, কালভার্ট–লেউইন প্রথমে মার্তিনেজের মুখে হাত দেন, এতে তিনি ভারসাম্য হারান। এরপর ধস্তাধস্তির মধ্যে সামান্য স্পর্শে তার চুলের ব্যান্ড খুলে যায় বলেই এমন পরিস্থিতি তৈরি হয়। তিনি আরও অভিযোগ করেন, আগের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তেও রেফারির সিদ্ধান্ত ইউনাইটেডের বিপক্ষে গেছে, যেখানে লেনি ইয়োরো কনুইয়ের আঘাতে আহত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনায় মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। আপিল করা হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কোচ।

হারের পরও লিগ টেবিলের তিন নম্বরেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। আগামী ১৮ এপ্রিল রাত ১টায় চেলসির বিপক্ষে মাঠে নামবে দলটি।