
আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র প্রায় ৬০ দিন।
আইসিসি জানিয়েছে, এবারের আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৭ কোটিরও বেশি। ২০২৪ সালের আসরের তুলনায় এটি প্রায় ১০ শতাংশ বেশি। সে সময় ১০টি দলের মধ্যে ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার বিতরণ করা হয়েছিল। এবারই প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে।
ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৭৬ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে (প্রায় ৮ কোটি ২৯ লাখ টাকা)।
গ্রুপপর্বেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার (প্রায় ৩৮ লাখ ৩০ হাজার টাকা)। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৪ লাখ টাকা) দেয়া হবে, ফলে কোনো দলই খালি হাতে ফিরবে না।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা নারী ক্রিকেটের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, নারী ক্রিকেট দ্রুত বিস্তার লাভ করছে। ১২টি দলে বিশ্বকাপ সম্প্রসারণ এবং রেকর্ড প্রাইজমানি এই খেলাকে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করে তুলবে।
এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল মূল পর্বে জায়গা করে নেয়।
২০২৬ সালের এই আসরটি ইতিহাস গড়তে যাচ্ছে, কারণ প্রথমবারের মতো ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৩ জুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন। সেদিন বার্মিংহামের এজবাস্টনে নিগার সুলতানা জ্যোতি ও মারুফা আক্তারের দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
সব মিলিয়ে রেকর্ড প্রাইজমানি, বাড়তি দল এবং জমজমাট সূচি- সবকিছু মিলিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ ও উত্তেজনা।



