
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয় ব্রাজিলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে পুরোপুরি আধিপত্য দেখায় ব্রাজিল। ধারাবাহিক আক্রমণের ফল পায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ভিনিসিয়ুস জুনিয়রের দ্রুত পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে গোল করেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও দীর্ঘ সময় কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচটি ১-০ ব্যবধানেই শেষ হতে যাচ্ছে—এমন সময় ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।
তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিটখানেক পরই পেনাল্টি পায় ব্রাজিল। নির্ভুল শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন ইগর থিয়াগো।
ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। এন্ড্রিকের চমৎকার পাস থেকে বল পেয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পুরো ম্যাচে দারুণ খেলেন এন্ড্রিক।
আগামী ১১ মে বিশ্ব ফুটবল সংস্থার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের শিরোপা জয়ের অভিযান।



