
আগামী জুনে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা- আইএইচএফ ট্রফি (ইউথ/জুনিয়র), সাউথ-সেন্ট্রাল এশিয়া জোন-২। অনুর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব -১৮ বছর বয়সী যুবক ক্যাটাগরিতে হবে প্রতিযোগিতা। পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১০ থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত হবে খেলা।
এই প্রতিযোগিতায় খেলা পরিচালনার জন্য বাংলাদেশ থেকে দুইজন হ্যান্ডবল রেফারি- শান্ত মিয়া ও মোহাম্মদ আলমগীর’কে মনোনয়ন দিয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ)। তারাসহ মোট আটজন রেফারি এবারের আসর পরিচালনা করবে।
আন্তর্জাতিক এই আসরে রেফারিংয়ের দায়িত্ব পাওয়ার মাধ্যমে শান্ত মিয়া ও মো. আলমগীর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে এটি শুধু তাদের প্রথম পদার্পন নয়, বাংলাদেশেরও আন্তর্জাতিক হ্যান্ডবলে রেফারিং করার প্রথম সুযোগ এটি।
তাদের এই অর্জনে দেশের ক্রীড়াঙ্গনে আনন্দ ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে। তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন ও হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠন।
এই সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের হ্যান্ডবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



