
পিএসএলে বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে পড়েছেন লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠার পর শাস্তির মুখে পড়তে পারেন তিনি।
রোববার (২৯ মার্চ) রাতের ওই ম্যাচে আম্পায়াররা বলের অবস্থা সন্দেহজনক মনে করে লাহোরকে পাঁচ রান পেনাল্টি দেন। যদিও এখনো নির্দিষ্টভাবে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, তবে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফখর জামান।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি কোডের লেভেল-থ্রি পর্যায়ের অভিযোগ এনেছে। এই ধরনের অপরাধে এক থেকে দুই ম্যাচ পর্যন্ত সাসপেনশন হতে পারে।
পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী দুই দিনের মধ্যে একটি হিয়ারিং পরিচালনা করবেন, যেখানে ফখরকে অভিযোগের জবাব দিতে হবে।
ঘটনাটি ঘটে করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফখরের হাত ঘুরে বলটি বোলার হারিস রউফের কাছে গেলে আম্পায়ার ফয়সাল আফ্রিদি সেটি পরীক্ষা করতে চান। পরে অপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে আলোচনা করে বলটি টেম্পারিং বা বিকৃত করা হয়েছে বলে মনে করে তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়ম অনুযায়ী লাহোরকে পাঁচ পেনাল্টি রান দেওয়া হয়, যা করাচির স্কোরবোর্ডে যোগ হয়। শেষ ওভারে চৌদ্দ রানের লক্ষ্য মুহূর্তেই নয় রানে নেমে আসে এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় করাচি কিংস।
ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে শাহিন আফ্রিদি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে সাবেক ক্রিকেটার বাসিত আলী মন্তব্য করেছেন, প্রমাণ সামনে আসায় বড় অঙ্কের ফাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কামরান আকমল মনে করেন, এ ঘটনায় শুধু ফখর নয়, অধিনায়ক শাহিন আফ্রিদি ও হারিস রউফও দায় এড়াতে পারবেন না।
আরবিএ/আরটিএনএন



