টি টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ড, পাকিস্তান
এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছেছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতেই বাগড়া দিতে পারে বৃষ্টি। আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কেবল আজকের ম্যাচই নয়, আগামীকাল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ গত কয়েকদিন ধরেই শ্রীলঙ্কায় নিয়মিত বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট 'আকুওয়েদার'-এর পূর্বাভাস অনুযায়ী, আজ কলম্বোয় সারাদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ। তবে সন্ধ্যার দিকে এই সম্ভাবনা বেড়ে ৮৭ শতাংশে পৌঁছাতে পারে। বজ্রসহ প্রায় দেড় ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকার এবং বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা বলা হয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত উন্নত। ভারী বৃষ্টিপাত মোকাবিলায় সেখানকার মাঠকর্মীরা বিশেষভাবে প্রশিক্ষিত। অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতে সাধারণত শুধু পিচ বা উইকেটের অংশটুকু ঢেকে রাখা হলেও, এখানে পুরো মাঠ ঢেকে ফেলার মতো পর্যাপ্ত কভার রয়েছে। ফলে মাঠে বৃষ্টির পানি জমে থাকার ঝুঁকি অনেক কম থাকে।

মাঠকর্মীরা দ্রুততার সঙ্গে এক কভার থেকে আরেক কভারে পানি ঠেলে মাঠের বাইরের ড্রেনে ফেলে দেন। যান্ত্রিক 'সুপার সপার' ব্যবহারের চেয়ে এই সনাতন পদ্ধতি এখানে বেশি কার্যকর ও দ্রুত। সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত খেলা শুরু না হলে ওভার কমানো শুরু হবে। ম্যাচের ফলাফল পেতে হলে প্রতিটি ইনিংসে অন্তত ৫ ওভার করে খেলা হতে হবে। যদি তাও সম্ভব না হয়, তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। তবে গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচগুলোর জন্য বাড়তি এক ঘণ্টা সময় হাতে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখা হয়নি। রিজার্ভ ডে কেবল দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্যই বরাদ্দ। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও কোনো রিজার্ভ ডে ছিল না। তাই যদি বৃষ্টির কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে এবং প্রত্যেকে একটি করে পয়েন্ট পাবে।

আরটিএনএন/এআই