
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি। অন্যথায়, বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে আইসিসি।
বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের ভেন্যু ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়।
সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বিসিবির দাবি, নিরাপত্তাজনিত কারণে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না। এ জন্য বিকল্প ভেন্যুর প্রস্তাবও দেয় বাংলাদেশ।
তবে স্বল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন বলে আইসিসি জানায়। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান, ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, আলোচনায় অংশ নেয়া বেশিরভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে, তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না, এই সিদ্ধান্ত নিতে আরও এক দিন সময় পাচ্ছে বিসিবি।
প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবি শুরু থেকেই নিরাপত্তা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে ভারতে খেলতে অনীহা প্রকাশ করে আসছিল। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব ছিল—ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় অথবা আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদল করা হয়।



