
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এ লক্ষ্যেই কাজ শুরু করেছে এবং খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার দিকেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু ভাতা বা সম্মাননা নয়, খেলোয়াড়দের জন্য টেকসই পেশাগত সুযোগ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খেলাধুলাকে যদি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তরুণ প্রজন্ম আরও বেশি আগ্রহী হবে।
তিনি আরও বলেন, “আমরা সবসময় মনে করি, খেলাধুলায় কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। রাজনৈতিক কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল বা জাতীয় দল থেকে বাদ পড়লে তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি দেশের ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাবেক একজন জাতীয় ফুটবলার হিসেবে তিনি বিষয়টি ভালোভাবে বোঝেন। তাই ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
সভায় তিনি আরও দাবি করেন, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত করার বিষয়ে সরকারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই অবস্থানে রয়েছেন।
সভায় উপস্থিত নেতারা বলেন, খেলাধুলার উন্নয়ন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নীতি প্রয়োজন, যাতে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতে পারে।



