অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।ছবি: সংগৃহীত

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের ভিত্তিতেই জুলাই সনদ গৃহীত হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতেই অধ্যাদেশ জারি করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছায় স্বাক্ষর করেছে। কাউকে এতে বাধ্য করা হয়নি। পরে সেই সনদের ভিত্তিতেই জুলাই অধ্যাদেশ জারি করা হয়।

তিনি দাবি করেন, বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হয় এবং দলটির শীর্ষ নেতৃত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

সরকারের গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশের প্রসঙ্গ তুলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, ক্ষমতায় গিয়ে বিএনপি এখন সেই অবস্থান থেকে সরে এসেছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, শাসকগোষ্ঠী যখন জনগণের মতের বিপরীতে রাষ্ট্র পরিচালনা করে, তখনই জনগণ আন্দোলন বা পরিবর্তনের পথে যায়। জুলাই চেতনার আলোকে নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।