
দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দেশের গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ও কিছু উপদেষ্টা নিজ নিজ এলাকায় পক্ষপাতমূলকভাবে উন্নয়ন তহবিল নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এসব কারণে দেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। গ্রামবাংলার মানুষের বাস্তব সমস্যার চিত্রই সংসদে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার বিদ্যমান বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে জোর দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।



