
দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, দেশের শাসন ব্যবস্থার সর্বস্তরে জনমতের প্রতিফলন নিশ্চিত করা গণতান্ত্রিক রীতি ও বাধ্যবাধকতা। দীর্ঘ দেড় যুগের স্বৈরশাসনের পরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশা ছিল স্থানীয় সরকারের সকল স্তরেও নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। কিন্তু বর্তমান সরকার নির্বাচন আয়োজন না করে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিচ্ছে, যা জনগণের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করছে।
অধ্যক্ষ ইউনুস আহমদ আরও প্রশ্ন তুলেছেন, ‘এই প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিলে জনতার প্রতি দায়বদ্ধতা তৈরি হতো। কিন্তু দলীয় নিয়োগে এদের দায়বদ্ধতা কেবল দলের প্রতি সীমাবদ্ধ। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদকে একটি দলের প্রাইজ পোস্টিং হিসেবে ব্যবহার কিভাবে ন্যায়সঙ্গত?’
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছে, যাতে জেলা ও অন্যান্য স্থানীয় প্রশাসনে জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।



