স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ছবি: সংগৃহীত

দেশ থেকে ‘মব’ বিলুপ্ত হবে এবং ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘মব কালচারকে’ আর কখনো এগোতে দেব না, এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।

সারাদেশে সাম্প্রতিক ‘মব জাস্টিস’ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সংঘবদ্ধ কোনো অপরাধী, চাঁদাবাজ বা অস্ত্রধারীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। তার মতে, অনেক ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, যেগুলো নির্দিষ্ট অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে। কেউ কাউকে আটক করে নির্যাতন করলে সেটি মব নয়, বরং একটি নির্ধারিত অপরাধ যার আলাদা সংজ্ঞা ও শ্রেণিবিভাগ রয়েছে। তবে সড়কে কোনো ধরনের ‘মব’ পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। 

‘মব সংস্কৃতি’ যাতে বাংলাদেশে আর বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।