আমাদের সামনে আজাদি, না হয় সংগ্রাম: মারদিয়া
প্রকৌশলী মারদিয়া মমতাজ।ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মারদিয়া মমতাজ বলেছেন, ‘আমাদের পেছনে ফেরার পথ বন্ধ। এখন সামনে আজাদি, না হয় সংগ্রাম।’

একই সঙ্গে তিনি সততা ও জবাবদিহিতাভিত্তিক রাজনীতির পরিবেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন মারদিয়া মমতাজ।

তিনি বলেন, সামনে এগিয়ে যাওয়ার পথই এখন একমাত্র লক্ষ্য; পেছনে ফেরার সুযোগ নেই।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে চান, তাকে দিয়ে তিনি যা চান, যেভাবে চান, করিয়ে নেন। জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের নারী সংরক্ষিত আসনের অন্যতম এমপি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছি আজ। গেজেট প্রকাশ পর্যন্ত এখন অপেক্ষা। চব্বিশ-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো মৌলিক পরিবর্তন এসেছে, যার একটি হচ্ছে বটম-আপ পদ্ধতিতে রাজনৈতিক দল কিংবা সরকারের সিদ্ধান্ত গ্রহণ—যেখানে জবাবদিহিতা দেখা যাচ্ছে। এর আগে বহুদিন সুস্থ রাজনীতির চর্চা ছিল না; তারও আগে এই ধারণাই ছিল না।

তিনি আরও বলেন, এই খুনসিক্ত জমিনে সততা ও জবাবদিহিতার রাজনীতির বাতাস আসা পর্যন্ত কাজ করে যাব—নিজের কাছে এই ওয়াদা করেছি। আমাদের রক্তে আবু সাঈদ, আমাদের মুষ্টিবদ্ধ হাতে ওসমান হাদি, আর আমাদের আইডি কার্ডে সতেরোশোর অধিক শহীদের নাম ছাপা হয়ে গেছে। সামনে আজাদি, না হয় সংগ্রাম। আমাদের পেছনে ফেরার পথ বন্ধ।

উল্লেখ্য, প্রকৌশলী মারদিয়া মমতাজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে শিক্ষকতা করছেন।